Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Saturday, 1 March 2014

ব্যথা দাও, বুকে রাখবো

"ব্যথা দাও, বুকে রাখবো"
___ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

ব্যথা দাও, বুকে রাখবো
ব্যথার জন্যই তো হৃদয়
আঘাতে বুক ভাঙবে না
বুকে ব্যথা আছে।

গলিত লাভাগুলো বেদনার
যেন ঘনীভূত পাথরের দেহ
আঘাতে পাথর কখনো গলে না
গলে না হৃদয়।

পাহাড়ে ধস নামলে কখনো
মা্টি অনায়াসে পেতে দেয় বুক।
তুমি যাবতীয় দুঃখকে ছুঁড়ে দাও
আমি বুক পেতে নেবো
বুক ভাঙবে না।

দুয়ার বন্ধ করলেই
আমি ফিরে যাবো নির্বিকার,
অস্বীকার করো মেনে নেবো।

এ্যলবামে স্মৃতি নেই বলে
আদৌ দুঃখ করি না,
সোনালি নিঃসঙ্গতায় আমার
বিচিত্র দুঃখের সমাবেশ সঞ্চয় –

ব্যথা দাও, বুকে রাখবো
ব্যথায় ভাঙবে না বুক
বুকে ব্যথা আছে।

Saturday, 28 December 2013

তবে তুমিও আর্তনাদ করো?

তবে কি তুমিও আর্তনাদ করো?
স্বপ্নচারী মেঘের কাছে জল চেয়ে,
অশ্রুহীন কান্নার স্রোতে তুমিও কি ভাসো?
চির পলাতক কোন নক্ষত্রের খোঁজে
কাটাও নির্ঘুম রাত্রির প্রহর?
গ্রহণের রাতে কালো দীর্ঘশ্বাসে
হৃদয় তোমার হিম হয়ে আসে ?
ডানাভাঙা কপোতীর মত
তুমিও কি চাও হতে স্পর্শে আনত?
তুমিও কি আর্তনাদ করো কারো জন্য?
হয়তো সে আমি নই
তবু এ আমার বিস্ময়, চিরবিস্ময়
তুমিও আর্তনাদ করো কারো জন্য!

Monday, 11 November 2013

দুঃখ করো না, বাঁচো

.......নির্মলেন্দু গুণ

দুঃখকে স্বীকার করো না, –সর্বনাশ হয়ে যাবে ।
দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভ’রে বাঁচো ।
বাঁচার আনন্দে বাঁচো । বাঁচো, বাঁচো এবং বাঁচো ।
জানি মাঝে-মাঝেই তোমার দিকে হাত বাড়ায় দুঃখ,
তার কালো লোমশ হাত প্রায়ই তোমার বুক ভেদ করে
চলে যেতে চায়, তা যাক, তোমার বক্ষ যদি দুঃখের
নখরাঘাতে ছিন্নভিন্ন হয়; যদি গলগল করে রক্ত ঝরে,
তবু দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও না মুহূর্তের তরে ।
তার সাথে করমর্দন করো না, তাকে প্রত্যাখান করো ।

অনুশোচনা হচ্ছে পাপ, দুঃখের এক নিপুণ ছদ্মবেশ ।
তোমাকে বাঁচাতে পারে আনন্দ । তুমি তার হাত ধরো,
তার হাত ধরে নাচো, গাও, বাঁচো, ফুর্তি করো ।
দুঃখকে স্বীকার করো না, মরে যাবে, ঠিক মরে যাবে ।

যদি মরতেই হয় আনন্দের হাত ধ’রে মরো ।
বলো, দুঃখ নয়, আনন্দের মধ্যেই আমার জন্ম,
আনন্দের মধ্যেই আমার মৃত্যু, আমার অবসান

Saturday, 5 October 2013

হারিয়ে যাওয়া বন্ধু

    হারিয়ে যাওয়া বন্ধু


এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে
সকাল বিকেল বেলা,
কত পুরোনো নতুন পরিচিত গান
গাইতাম খুলে গলা।

কত এলোমেলো পথ হেঁটেছি দু’জন
হাত ছিল না তো হাতে,
ছিল যে যার জীবনে দু’টো মন ছিল
জড়াজড়ি একসাথে।

কত ঝগড়া-বিবাদ সুখের স্মৃতিতে
ভরে আছে শৈশব,
তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো
ভালোবাসছি অসম্ভব।

কেন বাড়লে বয়স
ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়,
কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড়
হারানোর তালিকায়।

আজ কে যে কোথায় আছি
কোন খবর নেই তো কারো,
অথচ তোর ঐ দুঃখগুলোতে
অংশ ছিল আমারও।

শুধু তোমাকে একবার ছোঁব

      আকাশ সিরিজ
       নির্মলেন্দু গুণ
 

শুধু তোমাকে একবার ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।
শুধু তোমাকে একবার ছোঁব,
অহংকারে মুছে যাবে সকল দীনতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।
শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।
শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।
Related Posts Plugin for WordPress, Blogger...